ফটিকছড়িতে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী খোরশেদুল আলমের (৩১) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।
গত শনিবার উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের সুতার ঠিলা নামক এলাকায় মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেনন, মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু দুষ্কৃতকারী খোরশেদের ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু। হামলার ঘটনায় খোরশেদের স্ত্রী গতকাল দুপুরে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার সকালে খোরশেদের মাছের ঘের থেকে স্থানীয় এক কিশোর মাছ চুরি করেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে খোরশেদের বাগ্বিতণ্ডা হয়। ওই দিন বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সমাজপতিরা দুই পক্ষের লোকজন নিয়ে বৈঠক বসেন। কিন্তু বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে খোরশেদ, রহমত উলাহ ও মুহাম্মদ পারভেজ আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে প্রথম দুজনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে খোরশেদের মৃত্যু হয়।
বৈঠকে উপস্থিত থাকা সমাজপতি ফয়েজ আহাম্মদ বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের লোকজনের সাক্ষ্যপ্রমাণ নিচ্ছিলাম। এ সময় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা লাঠিসোঁটা এবং দা-বঁটি নিয়ে মারামারি শুরু করে।’
নিহত খোরশেদের স্ত্রী নুর নাহার বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে কুপিয়ে প্রতিবেশী কয়েকজন হত্যা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।