ফটিকছড়ির কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৫১টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা গতকাল শনিবার পর্যন্ত নতুন বই পায়নি। অথচ এসব বিদ্যালয়কে ৩১ ডিসেম্বরের আগেই বই বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ৩৫ হাজার ৭০০টি বই এখনো পৌঁছেনি।
জানতে চাইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব ফটিকছড়ির (ক্যাফ) সাধারণ সম্পাদক মো. ইউনুস আলমগীর প্রথম আলোকে বলেন, ‘দেরিতে পাওয়ায় উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে বই দিতে পারিনি। দুই-এক দিনের মধ্যে তাদের হাতে বই তুলে দেওয়া হবে।’
উপজেলার দৌলতপুর গ্রামের নিউমুন কিন্ডারগার্টেনের এক ছাত্রী বলল, ‘শুক্রবার নতুন বইয়ের আশায় স্কুলে যাই। কিন্তু বই দেওয়া হয়নি।’
বক্তপুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্যক্তিগত কারণে ভুল হয়ে গেছে। আগামীকাল সোমবার শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, ৩১ ডিসেম্বরের আগেই স্কুলে বই পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেনগুলো কেন নির্ধারিত দিনে বই উৎসব পালন করেনি, তা খতিয়ে দেখা হবে।
এদিকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচটি বিষয়ের ৩৫ হাজার ৭০০টি বই পৌঁছায়নি।
রামগতির ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান বলেন, চতুর্থ শ্রেণির ৭ হাজার ২০০টি বাংলা বই এবং পঞ্চম শ্রেণির ৬ হাজার ৫০০টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি।
কমলনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) খগেন্দ্র চন্দ্র সরকার বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২২ হাজার বই পাওয়া যায়নি।
রামগতির ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান বলেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন। দুই-এক দিনের মধ্যে বইগুলো পাওয়া যাবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে।