ফটিকছড়ির যোগীরহাট-কাটিরহাট সড়কে কার্পেটিং নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার যোগীরহাট থেকে হাটহাজারী উপজেলার কাটিরহাট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে 
কার্পেটিং উঠে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভোগান্তির শিকার হচ্ছে দুই উপজেলার মানুষ। জানা যায়, ১৪ কিলোমিটারের
সড়কটির পাঁচ কিলোমিটার হাটহাজারী অংশে। বাকি নয় কিলোমিটারের মধ্যে সমিতিরহাট ইউনিয়নের অধীন আড়াই কিলোমিটার।
বাকি সড়ক উপজেলার ধর্মপুর এবং বক্তপুর ইউনিয়নের আওতায়। ২০০০ সালের পরে সড়কটি ধাপে ধাপে কার্পেটিং করা হলেও
অল্প সময়ের মধ্যে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ২০১১ সালে সড়কটির ফটিকছড়ি অংশের দুই কিলোমিটার মেরামত করা
হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মেরামতের কাজ বাস্তবায়ন করেন। কিন্তু গত বছর বন্যায় সড়কটি গড়িয়ে
পানি যাওয়ায় ভাঙন শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইটের সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে
কার্পেটিং না থাকায় গাড়ি যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস,
মিনিবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। বর্তমানে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়
করছেন যানবাহনের চালকেরা।
এনামুল কিবরিয়া নামে এক যাত্রী বলেন, সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি ভাড়ার
টাকাও দ্বিগুণ গুনতে হয়।
যাত্রী সাইফুর রহমান বলেন, প্রসূতিরা ওই সড়ক দিয়ে চট্টগ্রাম নগরে, হাটহাজারী কিংবা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে
যাওয়া-আসা করতে গিয়ে নিয়মিত অসুস্থ হয়ে পড়ে। এলজিইডির উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস জানান, সড়কটির
কার্পেটিং সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়েছে। এটি মেরামতের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন পাঠানো হয়েছে।