চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল বুধবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। একই দিনে কক্সবাজারের উখিয়ায় জিপের চাকায় পিষ্ট হয়ে এক শিশু মারা গেছে।পুলিশ জানায়, ফেনী অভিমুখে যাওয়া একটি ইটভর্তি ট্রাক ফটিকছড়ির ভুজপুর থানার হেঁয়াকো এলাকার বনবিট কার্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুই আরোহীসহ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ভুজপুরের মো. মাঈনুদ্দিন (১৮) নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী মিরসরাইয়ের মো. আমজাদকে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশ মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া উপজেলার কুতুপালং প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তন্নী বড়ুয়া প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় উখিয়া থেকে টেকনাফগামী জিপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ জিপটি জব্দ করেছে।