চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত ১০টার দিকে একটি ট্রাকে করে ১০-১২ জন পাইপ ফিটার করের হাটের বাসার দিকে যাচ্ছিলেন। রামগড়-করেররহাট সড়কের ফটিকছড়ির চেগাইয়া বটগাছ নামক এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চাপায় দুজন নিহত হন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন মুহাম্মদ মোশাররফ (২২) ও মুহাম্মদ বাবু (১৪)। তাঁদের বাড়ি জামালপুরে। তাঁরা ফটিকছড়িতে থাকতেন। নিহত দুজনই পাইপ ফিটার।
উপজেলার দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফজলুল করিম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়া বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার বড়তাকিয়ার মির্জাপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি মিনিট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকের চালক সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুব নগরের কামাল উদ্দিন (৩০) নিহত হন। এ ঘটনায় আহত হন একই গাড়িতে থাকা মান্না (২৮)। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মিরসরাইয়ের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।