ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
গতকাল রোববার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে ১০, সংরক্ষিক মহিলা কাউন্সিলর পদে ১১ এবং কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২০ সেপ্টেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন: এম সিরাজুল ইসলাম, মো. ইছমাইল হোসেন, মো. করিম উল্লাহ চৌধুরী, মো. জাহাংগীর আলম, ইদ্রিস রায়হান, ফরিদুল আলম, আহমদ রশিদ চৌধুরী, মোবারক হোসেন, ছালামত উল্লাহ চৌধুরী ও বিশ্বজিৎ রাহা। সংরক্ষিত তিন মহিলা আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদপ্রার্থী এম সিরাজুল ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। জয়ী হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।’সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফিরোজা বেগম বলেন, ‘আমি আগে ইউপি সদস্য ও পৌরসভার মনোনীত কাউন্সিলর ছিলাম। এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। এখন তাদের কথায় প্রার্থী হয়েছি।’