ফটিকছড়ি পৌরসভার প্রথম নির্বাচন আজ
পৌরসভা গঠনের প্রায় এক বছর পর চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার। ১৭টি কেন্দ্রের মধ্যে ১০টিকেই ঝুঁকিপূর্ণ ধরে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। পৌরবাসীর ভোটে প্রথম মেয়র নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচজন প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম সিরাজুল ইসলাম (তালা), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল হোসেন (চশমা), বিএনপির নেতা মোবারক হোসেন কাঞ্চন (দোয়াত-কলম) ও মো. ইদ্রিস রায়হান (আনারস) এবং নাগরিক কমিটির মো. করিম উল্লাহ চৌধুরী (দেয়ালঘড়ি)।পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিবিরহাট বাজারের ব্যবসায়ী ইফতেখার উদ্দিন বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আর নতুন মেয়রের কাছে চাওয়া, তিনি দুর্নীতিমুক্তভাবে রাস্তা নির্মাণ, ধুরং খালের ভাঙন বন্ধ, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করবেন।’ ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীও আশা প্রকাশ করেছেন শান্তিপূর্ণ নির্বাচনের।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিস প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।