চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি ইংরেজি দৈনিকে ১২ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ফটিকছড়িতে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় যাদের নামে মামলা হয়েছে বা এজাহার হয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে বলেছেন আদালত। লুঙ্গি নিয়ে রুল জারি: এদিকে রাজধানীর বারিধারা আবাসিক এলাকায় লুঙ্গি পরে চলাফেরা করা এবং রিকশা চালানোর ওপর বিধিনিষেধ আরোপে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছেন একই বেঞ্চ। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ গত ৩ এপ্রিল প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় জানান। তিনি প্রথম আলোকে বলেন, চার সপ্তাহের মধ্যে পুলিশের গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।