ফটিকছড়িতে অনুমতি ছাড়া চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা-বাগানের অভ্যন্তরে পাহাড় কাটা হচ্ছে অনুমতি ছাড়াই। আবার সেই মাটি ফেলে সমতল করা হচ্ছে বর্ধিত কারখানার জায়গা। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই ২০ দিন ধরে এই পাহাড় কাটা হচ্ছে।
মাটি কাটায় নিয়োজিত ব্যক্তিরা বলছেন, শিগগির বাগানের কারখানা সম্প্রসারণ করা হবে। তাই বর্ধিত প্রকল্পে মাটি প্রয়োজন। নিচু জায়গা সমতল করতে তারা পাহাড় কাটছেন। এ জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েছেন কি না, কারও জানা নেই।
গত বুধবার সেখানে গেলে লোকজন বলেন, ২০ দিন থেকে পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। এলাকার লোকজন মৌখিক বাধা দিলেও কোনো কাজ হয়নি। বর্তমানে অর্ধেক পাহাড় সাবাড় হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৪ (১) ধারা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক যদি মনে করেন কোনো কার্যক্রম পরিবেশবিধ্বংসী, তবে তিনি যেকোনো কার্যক্রমকে নিষেধ করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, বাগান কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারছেন না। যদি অনুমতি ছাড়া পাহাড় কাটা হয়, তাহলে দিনের বেলায় প্রকাশ্যে কীভাবে তারা মাটি কাটতে পারে?
ট্রাকচালক মজিবুর রহমান জানান, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাটি কাটা হয়। এই মাটি কারখানার বর্ধিত নিচু জায়গায় নেওয়া হচ্ছে বাগানের ব্যবস্থাপকের নির্দেশেই। রাঙ্গাপানি চা-বাগানের ব্যবস্থাপক সুখেন্দু শেখর রায় মুঠোফোনে বলেন, ‘কারখানার কাজে ব্যবহারের জন্য কাটা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি।’ অন্য প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা বাগানে হাজার হাজার গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করছি।’ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কার্যালয় থেকে পাহাড় কাটার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ বেআইনি। তদন্ত করে ব্যবস্থা হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘বাগানে পাহাড় কাটার খবর আমার জানা নেই। এখনি সেটির সত্যতা যাচাই করে ব্যবস্তা নেওয়া হচ্ছে।’