ফটিকছড়িতে অপহূত ব্যবসায়ী উদ্ধার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত শনিবার অপহূত ব্যবসায়ী আহমদ ছাপাকে (৪৫) গতকাল সোমবার পর্যন্ত উদ্ধার করা যায়নি। ছাপা বর্মাছড়ি বাজারে কাঠের ব্যবসা করেন। তিনি উত্তর খিরাম গ্রামের তোফায়েল আহমদের ছেলে।
পাহাড়ি দুই সংগঠন জাতীয় জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরকে এ ঘটনার জন্য দায়ী করেছে। তবে উভয় দলের পক্ষ তা অস্বীকার করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বর্মাছড়ি এলাকাটি দীর্ঘদিন ধরে ইউপিডিএফের দখলে। ইদানীং এটি দখলে নিতে মরিয়া জেএসএস। অপহূত আহমদ ছাপার ভাই বাদশা মিয়া জানান, ‘আমার ভাই স্থানীয় বাজারের কাঠ ব্যবসায়ী। তাঁকে শনিবার রাতে দুর্গম এলাকা জঙ্গল শোভনছড়ি এলাকার তান্ন্যার দোকানসংলগ্ন থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করে।’
ফটিকছড়ি উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন কাউছার জাহান বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে তিন দিনের সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আশা করছি, ব্যবসায়ীকে নিয়েই ফিরব।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজান ভূঁইয়া বলেন, ‘শুনেছি। তবে অপহূতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে।’