ফটিকছড়িতে আগুনে পুড়েছে ঘরসহ দুটি গাড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামে গাড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডে একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রামের মুহাম্মদ মুছা কোম্পানির বসতঘরের পাশে তিন কক্ষের গাড়ি রাখার ঘরে আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।
ফায়ার সার্ভিসের ফটিকছড়ি স্টেশন কর্মকর্তা পুলক কান্তি সরকার বলেন, অগ্নিনির্বাপণকর্মীরা আসার আগেই তিন কক্ষের একটি গাড়ি রাখার ঘর, একটি প্রাইভেট কার ও একটি অটোরিকশা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুহাম্মদ হাসান বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের নানা বিষয় নিয়ে মতবিরোধ আছে। আমাদের ধারণা, তারাই আগুন লাগিয়ে দিয়েছে।’
ফটিকছড়ি থানার এসআই মুহাম্মদ করিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।