ফটিকছড়িতে আগুনে পুড়েছে নয়টি বসতঘর
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়েছে নয়টি বসতঘর। গত শনিবার গভীর রাতে উপজেলার সুন্দরপুরের ছোট ছিলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে অর্থ, স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামালের ক্ষতি হয়।
স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার আগেই এলাকার আবু ইউছুপ, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, এজাহার মিয়া, মো. ফারুক, নাসির উদ্দিন, আবুল কালাম, দিদারুল আলম ও মহিউদ্দিনের টিন শেডের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গবাদি পশু। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ খান বলেন, আগুনে নয়টি বসতঘর পুড়ে যায়। রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে পুড়ে গেছে তিনটি দোকান
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের বটতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে জামাল উদ্দিনের মুদি দোকান, মোহাম্মদ জাফরের চায়ের দোকান ও আবুল কালাম আজাদের মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
মোহাম্মদ জাফর ও জামাল উদ্দিন বলেন, শনিবার রাতে দুর্বৃত্তরা তিনটি দোকানে আগুন দেয়। এতে দোকানগুলোর সবকিছু পুড়ে গেছে।