ফটিকছড়িতে ইট তৈরির জন্য বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটায় ইট তৈরির জন্য বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষকদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে জমির উর্বরা মাটি (টপ সয়েল) কিনে ইটভাটায় বেশি মূল্যে বিক্রি করছেন। এতে জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে ফসল উত্পাদন ব্যাহত হচ্ছে। সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে আমন ধান কাটার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্যান, ট্রলি ও ট্রাকে করে ফসলি জমি থেকে উর্বরা মাটি কেটে সংশ্লিষ্ট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক জানে আলম (৩৬) বলেন, ‘মাটি ব্যবসায়ীর কাছে দুই একর জমির উপরি ভাগের দুই থেকে আড়াই ফুট মাটি সাড়ে চার হাজার টাকায় বিক্রি করেছি।’হারুয়ালছড়ি গ্রামের কৃষক ইকবাল হোসেন বলেন, ‘আমি সাড়ে তিন একর জমির উপরি ভাগের আড়াই ফুট মাটি সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করেছি।’ উপজেলার ভুজপুর থানার কাজিরহাটে মাটি বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ী আবু তালেব মিয়া বলেন, ‘এ উপজেলায় আগে ২০ থেকে ২৫টি ইটভাটা ছিল। এখন অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এ কারণে প্রতিদিন মাটির চাহিদাও বেড়ে চলেছে। যাঁদের মাটির প্রয়োজন তাঁরা আমাদের মতো মাটি ব্যবসায়ীর কাছে মাটির জন্য চুক্তিভিত্তিক অর্ডার দেন। আমরা বিভিন্ন এলাকার পতিত জমির মাটি কিনে তা ভাটায় সরবরাহ করি।’পাইন্দং গ্রামের বর্গাচাষি মুহামঞ্চদ আবদুল জলিল (৪২) বলেন, ফসলি জমি থেকে মাটি তুলে নেওয়ায় এসব জমি অপেক্ষাকৃত নিচু এলাকায় পরিণত হচ্ছে। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মুহামঞ্চদ আবুল কাশেম বলেন, জমির উপরি ভাগের দেড় থেকে দুই ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরাশক্তি বিদ্যমান। কিন্তু ওই অংশটিই কেটে নেওয়ার ফলে জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ দেয়নি। তবে গত মৌসুমে কৃষি বিভাগকে এ ধরনের মাটি বিক্রি বন্ধের উদ্যোগ নিতে বলা হয়েছে।’