ফটিকছড়িতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার করবল্লাটিলা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশ থেকে পায়ের রগ কাটা ও জবাই করা সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফটিকছড়ি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।সাইফুল পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আমতলী গ্রামের জামাল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোরে ওই সড়কের ধারে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধারসহ সুরতহাল তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সাইফুলের বাবা জামাল হোসেন গতকাল থানায় সাংবাদিকদের জানান, গত রোববার বিকেলে ভাড়ায় চালিত প্লাটিনা নামের একটি মোটরসাইকেল নিয়ে সাইফুল ঘর থেকে বের হন। রাতে তাঁর সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি নিশ্চিত নন। মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করতে পারেনি।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া বলেন, লাশের পেটে তিনটি ছুরির আঘাত, দুই পায়ের রগ কাটা ও গলায় জবাই করার চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সাইফুলের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।