ফটিকছড়িতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় অবরোধকারীদের হামলায় সাতটি গাড়ি ভাঙচুর ও একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার এ ঘটনায় আগুন দেওয়া গাড়ির চালক মো. হাসান আলী (৪৫) সহ তিন ব্যক্তি আহত হয়েছেন। আহত হাসান আলীকে গুরুতর অবস্থায় প্রথমে ফটিকছড়ি উপজেলা এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার সাদিনগর গ্রামে। আহত অপর দুই ব্যক্তি হলেন মো. রেজাউল করিম (২৮) ও সাহেদ ইমরান। তাঁরা দুজনই ফটিকছড়ির সুন্দরপুর গ্রামের বাসিন্দা। তাঁদের স্থানীয় স্ব্যাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় ৮-১০ জন মুখোশধারী যুবক বিবিরহাটগামী আমাদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে গাড়ির কাচগুলো ভেঙে পড়ে। সামনের আরেকটি গাড়ির চালককে মারধর করে। একপর্যায়ে গাড়িতে আগুন দিয়ে তারা দ্রুত সটকে পড়ে।
এ ঘটনার পর পরই ফটিকছড়ি থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ১৬ কর্মীকে আটক করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নাজিরহাটের আশপাশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।