ফটিকছড়িতে দুই আ.লীগ নেতার হাতাহাতি
আওয়ামী লীগের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে দলের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে গত নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী পেয়ারুল ইসলাম এবং উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটায় আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সোলাইমানের সঞ্চালনায় সভা শুরু হয়। আধঘণ্টা পর পেয়ারুল ইসলাম তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে আসেন। পেয়ারুল ইসলাম তাঁকে সভার বিষয়টি অবহিত না করায় আফতাব উদ্দিনের কাছে কৈফিয়ত চান। এ সময় উভয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পেয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাদের নেতা। দাওয়াতের বিষয়ে জানতে চাইলে তিনি বিদ্রূপ করে কথা বলেন। এ সময় সামান্য বিতর্ক হয়। এটি মিটে গেছে।’ আফতাব উদ্দিন চৌধুরী বলেন, এটি অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি। সভার বিষয়টি তাঁকে জানানো হয়। তিনি আসতে দেরি করেছেন। পরে সব ঠিক হয়েছে। উল্লেখ্য, ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটিকছড়িতে যাওয়ার কথা রয়েছে।