ফটিকছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ২
চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগরের পাহাড়ি সরকারি ডেবা এলাকায় পার্বত্য জেলা পার্বত্য চুক্তির পক্ষ ও বিরোধীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ফটিকছড়ি থানা-পুলিশ দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহত দুজন হলেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের উত্তর শুকনাছড়ি গ্রামের মৃত নলিনী কুমার চাকমার ছেলে কৃপাসুখ চাকমা সৈকত (২৫) এবং একই ইউনিয়নের বটতলী গ্রামের জীরেন্দ্র চাকমার ছেলে দেবব্রত চাকমা (৩৫)। তাঁরা দুজনই পার্বত্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতির সমর্থক বলে জানা গেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এলাকাটি খাগড়াছড়ি সীমান্তে। লাশ পড়ে থাকতে দেখে সেনাবাহিনী আমাদের খবর দেয়।’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এলাকায় চাঁদাবাজি এবং স্থানীয় ও অস্থানীয় নিয়ে বিরোধ আছে। এর জের ধরে দীর্ঘদিন সেখানে থেমে থেমে সংঘর্ষ হয়ে আসছিল। জনসংহতি সমিতির দুই কর্মীর মৃত্যুর ঘটনা সম্পর্কে সংগঠনটির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা কিছুই জানেন না বলে জানান।পার্বত্য চুক্তিবিরোধী হিসেবে পরিচিত ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য নিরন চাকমা দুজন নিহত হওয়ার খবর শুনেছেন বলে জানান।