ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার তিনি মারা যান। তাঁর নাম মো. সাহাবুদ্দিন (৪৬)। তাঁর বাড়ি উপজেলার লেলাং গ্রামে। স্থানীয় সূত্রমতে, এলাকার সংঘবদ্ধ মদ ব্যবসায়ীরা গত মঙ্গলবার সাহাবুদ্দিনের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। পরদিন স্থানীয় ফকিরহাট বাজারের কাছে ঝোপঝাড়ের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন থাকার পর তাঁকে শুক্রবার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ঘরোয়াভাবে তাঁর চিকিৎসা চলছিল। এ অবস্থায় গতকাল রোববার ভোররাতে তিনি মারা যান।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, মদের ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের প্রচণ্ড মারধরের কারণে তাঁর মৃত্যু হতে পারে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।