ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় চার আনসার আহত, অস্ত্র লুট
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তারাখোঁ রাবার বাগানে গত রোববার গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় চার আনসার আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা আনসারদের একটি রাইফেল এবং ১০টি তাজা গুলি লুট করে নিয়ে যায়। রাবার বাগানের ব্যবস্থাপক মকবুল আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রোববার রাত সাড়ে তিনটার দিকে রাবার চুরির খবর পেয়ে কর্তব্যরত আনসার দল ঘটনাস্থলে ছুটে যায়। তাঁরা বাগানের ভেতরে বসবাসকারী আবুল হাসেম নামের এক ব্যক্তির ঘরে গেলে দুর্বৃত্তরা আনসারদের ওপর চড়াও হয়। তারা দা-ছুরি দিয়ে চার আনসারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আনসার মো. হানিফ, আবদুল গাফ্ফার, আবুল কাশেম ও শাহ আলম গুরুতর আহত হন। আবুল কাশেম ও শাহ আলমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। হানিফ ও আবদুল গাফ্ফারকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে গতকাল সন্ধ্যায় হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে উপজেলার ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ওই বাগানের আবুল হাসেমের ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলটি উদ্ধার করা হয়। তবে ১০টি তাজা কার্তুজ উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আবুল হাসেমসহ ৪০-৫০ জনকে আসামি করে ভুজপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল দুপুরে আম্বিয়া খাতুন নামের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।