ফটিকছড়িতে নির্বাচনে পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করেছেন বেশির ভাগ প্রার্থী। গতকাল শনিবার জেলা প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় তাঁরা এ আশঙ্কা ব্যক্ত করেন। গতকাল শনিবার বিকেলে ফটিকছড়ি কলেজ মিলনায়তনে ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীরা বলেন, অতীতেও নির্বাচনের আগে সমন্বয় সভা হয়েছিল। কিন্তু নির্বাচনের সময় ঠিকই ভোটকেন্দ্র দখল হয়েছে। এবার ওই ধরনের পরিস্থিতি এড়াতে নির্বাচন পর্যন্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা দরকার।জবাবে জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মদ প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘অতীতে কখন দই ভেবে চুন খেয়েছেন, সেটি ভুলে যান। কথায় কথায় সেনাবাহিনী-বিজিবি চাইলে আর ডিসি-এসপির দরকার কী? সবকিছু তাহলে সেনাবাহিনী আর র্যাবই চালাক।’জেলা প্রশাসক বলেন, ‘ফটিকছড়ির কোন প্রার্থী কতটুকু ক্ষতিকর, তা ইতিমধ্যে আমরা জরিপ করে ফেলেছি। তাঁদের ওপর নজরদারি রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ, জেলা আনসার-ভিডিপির অ্যাডজুট্যান্ট মোহাম্মদ ইব্রাহিম ও হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার। সভায় বিভিন্ন ইউনিয়নের ১৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং তিনজন পুরুষ সদস্য পদপ্রার্থী বক্তব্য দেন। এর বাইরে অনেক প্রার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত বক্তব্য জমা দেন। চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি একসময় সন্ত্রাসের জনপদ ছিল। ১১ জুন উপজেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণের কথা। সভায় ধর্মপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম বখতেয়ার নির্বাচন পর্যন্ত তাঁর এলাকায় র্যাব মোতায়েন রাখার দাবি জানান। একই ইউপির প্রার্থী গোলাম রহমান বলেন, গত নির্বাচনের আগেও সমন্বয় সভা হয়েছিল। কিন্তু নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল হয়। রোসাংগিরি ইউপির প্রার্থী এম ইয়াছিন আলী বলেন, অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর বদলে লাঠি হাতে ভিডিপির লোকজন মোতায়েন করা হলে ফটিকছড়িতে নির্বাচন সুষ্ঠু হবে না।জাফতনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ আদালত বসানোর দাবি জানান। সুন্দরপুরের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল বশর অভিযোগ করেন, বেশির ভাগ প্রার্থীই নিবাচনী আচরণবিধি মানছেন না।