ফটিকছড়িতে পাঁচটি ইটভাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে পাঁচটি ইটভাটার কার্যক্রম গতকাল বুধবার বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো: মক্কা ব্রিকস (এমবিএম), প্রগতি ব্রিকস (পিবিএম), মইনুদ্দীন চিশতী ব্রিকস (কেবিআই), এবি ব্রিকস (এবি) ও খাজা ব্রিকস (কেবিএম)।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (কারিগরি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক (কারিগরি) তাজমিনুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ছাড়াই পাহাড়ি এলাকার পাদদেশে ১২০ ফুট উচ্চতার চিমনির এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এ ধরনের ইটভাটায় বেশি ধোঁয়া নির্গত হয়, এ জন্য বর্তমানে এ ধরনের ইটভাটার ছাড়পত্র দেওয়া হয় না।পাঁচ ইটভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এসে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানা গেছে।