ফটিকছড়িতে পাখি নিয়ে বিবাদ নিহত ১
চট্টগ্রামের ফটিকছড়িতে চড়ুই পাখি নিয়ে বিবাদের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার ভূজপুর থানার পূর্ব-সুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৪৩)।নুর মোহাম্মদের ছোট ভাই মো. ইসলাম বলেন, ‘আমাদের ঘরে চড়ুই পাখি বাসা বেঁধেছে। গতকাল সকালে পার্শ্ববর্তী বাড়ির শান্ত নামের এক প্রতিবেশী সেই বাসা থেকে একটি চড়ুই পাখি ধরে। এ সময় পাখিটির বাচ্চা কিচিরমিচির করলে আমার ভাই পাখিটি ছেড়ে দিতে বলেন। কিন্তু শান্ত এটি না করে বিবাদ করতে থাকে। একপর্যায়ে ছেলেটির বাবা মো. ইসহাকও এসে বিবাদে লিপ্ত হন। এ সময় ইসহাকের বড় ছেলে মো. টিপু এসে ধারালো ছুরি দিয়ে নুর মোহাম্মদের ঘাড়ে জোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. বাবুল জানান, নিহত ব্যক্তির ভাই মো. ইসলাম বাদী হয়ে গতকাল রোববার বিকেলে অভিযোগ দিয়েছেন।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামশুদ্দিন ভূইয়া প্রথম আলোকে জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।