ফটিকছড়িতে পাল্টাপাল্টি ধাওয়া পোলিং কর্মকর্তাসহ আহত ৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কয়েকটি কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এক পোলিং কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে দুটি ভোটকেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৩টি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এম তৌহিদুল আলম ও বিএনপি-সমর্থিত মো. সরওয়ার আলমগীরের সমর্থকদের মধ্যে অন্তত সাতটি ভোটকেন্দ্রে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল উপজেলার ১৭টি ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। এদিকে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও তাঁদের মারধর এবং প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতির অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সরওয়ার আলমগীর। তিনি ৫১টি ভোটকেন্দ্রে আবার নির্বাচনের দাবি জানান। একই দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া ১১টার দিকে আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান। তখন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ অবস্থায় স্থানীয় সাংসদ ভোট না দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করলে বিএনপির সমর্থকেরা বাধা দেন। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ ব্যালট বাক্স ভাঙচুর করে ও প্রায় ১০০ থেকে ১৫০টি ব্যালট ছিঁড়ে ফেলে। এ সংঘর্ষে জাহেদ ও হাসান নামে দুই ব্যক্তি আহত হন। এ পরিস্থিতিতে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল হাসান চৌধুরী।
গতকাল বেলা পৌনে তিনটার দিকে ধুরং খুলশী লায়ন্স উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতর দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর শুনে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয় বলে জানান ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।
প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ভোটকক্ষে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হন। তাঁদের টানাহেঁচড়ায় পোলিং কর্মকর্তা মো. জিয়াউদ্দিন চৌধুরী আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।