ফটিকছড়িতে পুকুরে ডুবে তিন শিশুরমৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ও বাবুনগর গ্রামে এ ঘটনাগুলো ঘটে। শিশুদের নাম মো. সাকিব (১২), নবীর হোসেন (১০) ও তাসফিয়া আকতার (২)। তারা প্রত্যেকেই বাড়ির পাশের পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে মারা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও নবীর হোসনে সম্পর্কে চাচাতো ভাই। বেলা সাড়ে ১১টা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পাশের একটি পুকুরে দুজনকে মুমূর্ষু অবস্থায় ভাসতে দেখে দ্রুত নাজিরহাটে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তারা প্রাণ হারায়। তারা উত্তর ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে।অপর দিকে, বেলা ১১টায় তাসফিয়া আকতারের লাশটি পাশের একটি পুকুরে ভাসতে দেখে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন মুুহুরী বলেন, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই তাদের প্রত্যেকের মৃত্যু হয়।