ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন এ কথা জানিয়েছেন।
পুকুরে ডুবে মারা যাওয়া দুজন হলো আছমা আকতার (১১) ও তানজিনা আকতার (৯)। তারা স্থানীয় শান্তিরহাট মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা কবির আহাম্মদ স্থানীয় বাজারের পান দোকানি।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, বেলা দুইটার দিকে বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখে প্রতিবেশীরা দুই বোনকে উদ্ধার করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়া শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।