ফটিকছড়িতে পুলিশ পাহারায় আ.লীগের বর্ধিত সভা, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজনা ও পুলিশি পাহারায় গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। স্থানীয় সাবেক সাংসদ রফিকুল আনোয়ার এবং গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। বৈঠকের পুরো সময়জুড়ে সভাস্থলের বাইরে পাল্টাপাল্টি মিছিল-স্লোগান হয়। উপজেলা সদরের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ বর্ধিত সভা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকেই রফিকুল ও পেয়ারুলের সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলাদাভাবে সভাস্থলের দিকে আসতে থাকেন। বেলা তিনটায় সভা শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু পাল্টাপাল্টি স্লোগান ও মিছিলে সভা বিলম্বিত হয়। দলীয় সূত্র জানায়, বিকেল চারটায় অনুষ্ঠানস্থলে আসেন এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি এসেই তাঁর অনুগতদের নিয়ে মিছিল করে শক্তি প্রদর্শন করেন। এ সময় রফিকুলের সমর্থকেরাও তাঁদের বিপক্ষে পাল্টা মিছিল-স্লোগান দেন।বিকেল সাড়ে চারটায় আসেন রফিকুল। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁর অনুগত কর্মীরা মিছিল দিতে থাকেন। এ সময় পেয়ারুল ইসলামের অনুগত কর্মীরাও পাল্টা মিছিল দিতে থাকলে উভয় পক্ষের নেতা-কর্মীরা মারমুখো অবস্থান নেন। পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। বড় ধরনের সংর্ঘষের আশঙ্কা দেখা দিলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্লাটুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দলের উপজেলা সাধারণ সম্পাদক এস এম সোলায়মান। এতে রফিকুল ও পেয়ারুল উভয়েই বক্তব্য দেন। সন্ধ্যা সাতটায় সভা শেষ হয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী বলেন, পরিস্থিতি এখন শান্ত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে শক্তি দেখাচ্ছেন, এটা ঠিক। এ জন্য বর্ধিত সভা আহ্বান করে উভয়ের (পেয়ারু-রফিক) বিবদমান সমস্যা দূর করার কথা বলা হয়েছে। এখন থেকে ফটিকছড়ি আওয়ামী লীগ এক হয়ে কাজ করবে।’ দলে বিভক্তি সম্পর্কে রফিকুল প্রথম আলোকে বলেন, ‘কারও সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দলে কোনো বিভক্তি নেই।’পেয়ারুল প্রথম আলোকে বলেন, মানুষ পরিবর্তন চায়। এ কারণে তারা তাঁকে সমর্থন করছে।