ফটিকছড়িতে প্রথম আলো পত্রিকা নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল বৃহস্পতিবার ভোরে ৩২১ কপি প্রথম আলো পত্রিকা ময়লা দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে বিক্রয়কর্মীরা এসে এ অবস্থা দেখে পুলিশে খবর দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।এদিকে সকালে প্রথম আলো পত্রিকা না পেয়ে গ্রাহকেরা দুর্ভোগে পড়েন। বিক্রয়কর্মীরা বেলা সাড়ে ১১টায় নগর থেকে আবার পত্রিকা এনে তা গ্রাহকদের মধ্যে বিলি করেন। নাজিরহাটের বিক্রয়কর্মী মো. আবুল কাশেম তালুকদার বলেন, প্রতিদিন ভোরে প্রথম আলো যানবাহনযোগে নাজিরহাটে ইত্যাদি স্পোর্টস নামের একটি দোকানের সামনে চৌকিতে আসে। সকাল নয়টায় সেখানে রাখা তিনটি বান্ডিলে ৩২১ কপি পত্রিকা ডাস্টবিনের ময়লা দিয়ে নষ্ট করা অবস্থায় দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজন এবং প্রথম আলোর ফটিকছড়ি প্রতিনিধির মাধ্যমে থানায় অবহিত করা হয়।নানুপুরের অপর বিক্রয়-প্রতিনিধি মো. আবদুল মালেক বলেন, পত্রিকাটিতে সন্ত্রাসীদের বিষয়ে সংবাদ প্রকাশ করায় দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। ফটিকছড়ি থানার উপপরিদর্শক রূপল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। কে বা কারা এ কাজে জড়িত তা বলা মুশকিল। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের বিষয়ে সংবাদ প্রকাশ করায় এটি হতে পারে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ‘সন্ত্রাসীরা আবারও তৎপর, অশান্ত ফটিকছড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।