ফটিকছড়িতে বিদ্যুৎ বিতরণে বৈষম্য
চট্টগ্রামের ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরহাট বাজার সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহে গত পাঁচ বছর ধরে চরম বৈষম্য করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এতে এই লাইনের আওতায় থাকা আট হাজার গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। এলাকাবাসী জানান, সমিতির আজাদী বাজার ও ফটিকছড়ি উপকেন্দ্র থেকে সাতটি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে নাজিরহাট বাজার সঞ্চালন লাইনের (পাঁচ নম্বর সঞ্চালন লাইন) আওতায় ফটিকছড়িতে একটি স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা হিমাগার, বিজাগার, দুটি রেলস্টেশন, একটি কলেজ, সাতটি মাদ্রাসা, ১০টি উচ্চবিদ্যালয়, ছয়টি কিন্ডারগার্টেন স্কুল, দুটি চা-বাগান এবং অন্তত ১০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অথচ এখানকার চেয়ে ফটিকছড়ি সদরসহ অন্যান্য সঞ্চালন লাইনে বেশি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে বিদ্যুৎ বিতরণে এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সংশিষ্ট সূত্রে জানা গেছে, আজাদী বাজার ও ফটিকছড়ি উপকেন্দ্র দুটি থেকে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে ইচ্ছামাফিক। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সালামত উল্লাহ চৌধুরী বলেন, প্রায় পাঁচ বছর ধরে নাজিরহাট বাজারের সঞ্চালন লাইনটিতে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ করা হয় না। অথচ পার্শ্ববর্তী হাটহাজারী ও রাউজান উপজেলায় লোডশেডিং হয় খবুই কম।নাজিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী বলেন, বেশি বিদ্যুৎ লাগে—এই অজুহাতে এ লাইনটি অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। ফলে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ে।পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সাখাওয়াত হোসেন বলেন, উপজেলার দুটি উপকেন্দ্রের সাতটি সঞ্চালন লাইনে ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ছয় থেকে আট মেগাওয়াট। অথচ নাজিরহাট সঞ্চালন লাইনের আওতায় সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ এবং কলকারখানা থাকায় তা চালু করতেই প্রয়োজন হয় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মেগাওয়াট। বরাদ্দের অভাবে ওই লাইনটিতে অনেক সময় বিদ্যুৎ দেওয়া যায় না। নাজিরহাট উপকেন্দ্রের প্রকৌশলী মো. ইলিয়াছ বলেন, নাজিরহাট সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিতরণে স্বেচ্ছাচারিতার বিষয়টি নিয়ে বিভিন্ন সভায় আলোচনা হয়েছে। শিগগির এ ক্ষেত্রে গ্রাহকেরা সুফল পাবেন।