ফটিকছড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন শ্বেতছড়া গ্রামে গত শনিবার রাতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে বাড়ির ৫০০ গজ দূরে মেঠোপথের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তাঁর তিন ছেলে এবং চার মেয়ে রয়েছে।স্থানীয় লোকজন জানান, আবুল কাশেমের দুই স্ত্রী। পরের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়িও হয়। এ নিয়ে একটি মামলাও চলমান আছে। অপরদিকে, আবুল কাশেমের এক মেয়ে সাহেদা আকতারকে দুই বছর আগে অপহরণ বিষয়ে একটি মামলা হয়। ওই মামলায় স্থানীয় চার যুবককে আসামি করা হয়। বুধবার রাত ১১টার দিকে কাশেম শ্বেতছড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে বলে অনেকের ধারণা। সকালে এলাকার লোকজন লাশ মেঠোপথের ধারে পড়ে থাকতে দেখেন। নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার জানান, ‘আবুল কাশেমের পরিবারের পক্ষ থেকে সকালে মুঠোফোনে বিষয়টি আমাকে জানায়। আমি ভূজপুর থানা পুলিশকে অবহিত করলে তারা এসে লাশ উদ্ধার করে।’ ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, হত্যাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।