ফটিকছড়িতে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গতকাল শনিবার বিকেলে একজন ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। বিকেলে উপজেলার হেঁয়াকো বাজারসংলগ্ন নিজ বাড়ির অদূরে তাঁকে জবাই করা হয়। ওই ব্যবসায়ীর নাম মো. আবদুল গণি (৫০)।ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের সাতটি বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ী আবদুল গণিকে হত্যা করা হতে পারে। হেঁয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন, আবদুল গণি সমিতির তিনবার নির্বাচিত সভাপতি ছিলেন। সর্বশেষ ২০০৯ সালের ২৯ এপ্রিলের নির্বাচনে তিনি সভাপতি হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছয়-সাত বছর ধরে আবদুল গণির সঙ্গে প্রতিবেশী কয়েক ব্যক্তির জায়গা-জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ-সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। গতকাল বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হওয়ার পর সন্ত্রাসীরা তাঁকে জাপটে ধরে মাটিতে ফেলে জবাই করে। এ সময় সিরাজ নামে আরেকজন আহত হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল গণির স্কুলপড়ুয়া ছেলে মো. শাহীন প্রথম আলোকে বলে, ‘হত্যাকারীদের সঙ্গে জমিজমা নিয়ে আমাদের বিরোধ আছে। এ কারণে সন্ত্রাসীরা আমার বাবাকে জবাই করে হত্যা করেছে। আমি দোষীদের বিচার চাই।’ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজ উদ্দিন বলেন, ‘হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রতিবেশী ফারুক, আনিচুর রহমান, শহীদ, আবু আহমদ, জহুর মিয়া ও বাবুল ড্রাইভারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল হেঁয়াকো বাজার ও আশপাশের দুই কিলোমিটার এলাকার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।