ফটিকছড়িতে ভুলে ভরা জন্মনিবন্ধন সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পরিষদের দেওয়া জন্মনিবন্ধন সনদে ভুলের ছড়াছড়ি। বর্তমানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্যও নিবন্ধন সনদ বাধ্যতামূলক।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুলের কারণে সঠিক তথ্য লিপিবদ্ধ করা সম্ভব হয় না। এতে ভবিষ্যৎ জীবনে তথ্যবিভ্রাটের কারণে ভোগান্তির আশঙ্কা রয়েছে। নানা শ্রেণীর লোকজনের সঙ্গে আলাপকালে জানা যায়, জন্মনিবন্ধন ছাড়া ভবিষ্যতে কোনো কাজই সম্ভব হবে না। যেমন: চাকরি, পাসপোর্ট, বিদ্যালয়ে ভর্তিসহ বিবিধ কাজেই জন্মনিবন্ধন বাধ্যতামূলক। অথচ ইউপি সচিবদের খামখেয়ালিপনায় মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।সন্ন্যাসীরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জলি আকতার ভুলে ভরা কয়েকটি নিবন্ধন সনদ দেখিয়ে বলেন, অনেক শিক্ষার্থীর নিবন্ধন সনদে এ রকম ভুল।পূর্ব-ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম একইভাবে কয়েকটি সনদ দেখিয়ে বলেন, ‘জন্মসনদের এসব ভুলের কারণে আমরা বিড়ম্বনায় পড়ি।’আজিমনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা নাছরিন বলেন, ‘বেশির ভাগ শিশুর নামের বানানে থাকে অসংখ্য ভুল। অনেক সময় আমাদের তথ্য ঠিক রাখতে এই ভুল বানানই লিখতে হয়। ভুল তথ্য লিপিবদ্ধ না করতে আমাদের শিক্ষা কার্যালয় থেকে নির্দেশ রয়েছে।’সনদ নিয়ে অভিভাবকদের অনেকেই অভিযোগ করেন, সনদ আনতে টাকা লাগে। এ প্রসঙ্গে দাঁতমারা ইউনিয়নের সচিব মো. এমরান উদ্দিন বলেন, ‘আমরা টাকা নিই না। কেউ নিয়ে থাকলে জানি না। আর যে যেমন নাম বলে, আমরা তেমন বানান লিখে দিই।’ দৌলতপুর ইউনিয়নের সচিব নারায়ণ চক্রবর্ত্তী বলেন, ‘টাকা নেওয়া হয়, কথাটা ঠিক নয়। যদিও নেওয়া হয়, তা সরকারি নিয়ম মেনে। তবে তথ্য যাতে ভুল না হয়, আমরা সেদিকে লক্ষ রাখি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সঠিকভাবে জন্মসনদ নিয়ে শিক্ষার্থী ভর্তি করার জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ভুলে ভরা সনদের জন্য ভবিষ্যতে বহুবিদ সমস্যা হতে পারে। সে জন্য সতর্কতার সঙ্গে এগুলো লিপিবদ্ধ করতে হবে। টাকা নেওয়া সম্পর্কে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।