ফটিকছড়িতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা
সরকারি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ওই পরিবারের তিনজন নারী গুরুতর আহত হন।আহত ব্যক্তিরা হলেন লিলু বড়ুয়া (৪৫), তাঁর মেয়ে জয়শ্রী বড়ুয়া (২০) ও রাজশ্রী বড়ুয়া (২৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বড়ুয়াপাড়ায় একটি সরকারি সড়ক দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় পাইন্দং ইউপির সদস্য গৌতম বড়ুয়া একটি পক্ষে অবস্থান নেন। গতকাল সকালে দখলমুক্ত সড়কটির ইট তুলে ফেলার অজুহাতে কয়েকজন আনসার ও চৌকিদার নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এর আগে ১৭ মার্চ হুমকির অভিযোগ এনে আহত লিলু বড়ুয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় ওই ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে জিডি করেন। লিলু বড়ুয়া সাংবাদিকদের বলেন, পুলিশ জিডির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নেওয়ায় ঘটনার উদ্ভব হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।অভিযুক্ত গৌতম বড়ুয়া তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উচ্ছেদকৃত সড়কটি সরকারের। ইট সরানোর অভিযোগ পেয়ে সেখানে কয়েকজন চৌকিদার নিয়ে তা রক্ষা করতে যাই। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।’ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, সম্পদ অবৈধ দখলমুক্ত করা সরকারের দায়িত্ব। এ উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় জনপ্রতিনিধিদের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।