চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ডালকাটা গ্রামে গতকাল সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পক্ষের লোকজন প্রতিপক্ষের একটি ঘর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।এসব ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। নিহত মো. ইউনুছ (৪৮) ডালকাটা গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ডালকাটা গ্রামের জাহেদুল আলমের সঙ্গে নিহত ইউনুছের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সকাল ১০টা থেকে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারামারি লেগে যায়। এতে দুই পক্ষের লোকজন দা-ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মো. ইউনুছ, মো. জাকারিয়া মুন্সি, হাসান আলী, মো. দিদার গুরুতর আহত হন। তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে ইউনুছের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে ইউনুছের পক্ষের লোকজন জাহেদুলের পক্ষের একটি ঘর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তারা জাহেদুল ও তাঁর ছোটো ভাই খোরশেদুল আলমকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে।নিহত ইউনুছের ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, ‘বিরোধপূর্ণ সম্পত্তির পরিমাপ শেষে খুঁটি স্থাপনের একপর্যায়ে প্রতিবেশী জাহেদুল আলম ও তার ভাই খোরশেদুল আলম লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল আলম জানান, ‘পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে। অবরুদ্ধ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ ফটিকছড়ি থানা হাজতে অভিযুক্ত জাহেদুল আলম ও খোরশেদুল আলম হামলার কথা স্বীকার করেছেন।