ফটিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নির্মল চাকমা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কাঞ্চননগর গ্রামের চমুরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহতের ভাই অরুণ কান্তি চাকমা বলেন, নির্মল ওই বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন সশস্ত্র সন্ত্রাসী নির্মলকে জাপটে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কৌশলে নির্মল তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নির্মলের মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মনজুর আহমদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে চার-পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। স্থানীয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা অভিযোগ করেছেন, নির্মল দীর্ঘদিন থেকে তাঁদের দলের একজন কর্মী। জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছেন।অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য সুপ্রিয় চাকমা বলেন, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী বলেন, উপজেলার দুর্গম এলাকাগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে নিহতের ভাই অরুণ কান্তি চাকমা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন।