ফটিকছড়িতে সেচ সংকট দুর্ভোগ
চট্টগ্রামের ফটিকছড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া হালদায় এখন পানি নেই। শীতের শুরু থেকে নদীর তলদেশ বালুচরে পরিণত হওয়ায় এর পাড়ের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সেচসংকট চলছে। চাষাবাদ ব্যাহত হয়ে অনুপযোগী হয়ে পড়েছে বিস্তীর্ণ জমি।উপজেলার সুন্দরপুর গ্রামের মো. মামুন জানান, এক দশক আগেও হালদার গভীরতা ছিল। তখন নদীতে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ ছিল। পানি দিয়ে সবজি ও ধান চাষাবাদ করতেন চাষিরা। বিশেষ করে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, এসব চরের প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল উৎপাদন হালদার পানির ওপর নির্ভরশীল। কিন্তু গত এক দশকে পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি অনুৎপাদনশীল রয়েছে।পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী আশরাফ জামান জানান, হালদার পানির ওপর অনেকেই নির্ভরশীল। এটি খননের উদ্যোগ নেওয়া হবে।