ফটিকছড়িতে সেতু ভেঙে ট্রাক খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেইলি সেতু ভেঙে যাওয়ায় উত্তর ফটিকছড়ির সঙ্গে চট্টগ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার ভোরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কে মন্দাকিনী খালের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে একটি ট্রাক খালে পড়ে যায়। এতে উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। তাদের প্রায় ২০ কিলোমিটার ঘুরে চট্টগ্রাম শহরে যেতে হচ্ছে।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেতু এলাকার আশপাশের বাসিন্দারা বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ফটিকছড়ির ভূজপুর থেকে ছেড়ে আসা মালবোঝাই এই ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বেইলি সেতুতে ওঠার পরপরই তা ভেঙে খালে পড়ে যায়।

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, রাস্তাটি এলজিইডির। বেইলি সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১৫ টন ওজন নিয়ে যানবাহন চলাচলের কথা। কিন্তু ৩০-৩৫ টন ওজনের ট্রাকটি ওঠায় সেতুটি ভেঙে পড়ে। তিনি বলেন, সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

১৬ কিলোমিটার দীর্ঘ নাজিরহাট-কাজীরহাট সড়ক চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিকল্প সড়ক হিসেবেও ব্যবহার করা হয়। বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজনকে উপজেলার বৃন্দাবনহাট ও হাইদচকিয়া হয়ে ফটিকছড়ির ওপর দিয়ে যাওয়া খাগড়াছড়ি সড়ক দিয়ে কমপক্ষে ২০ কিলোমিটার ঘুরে চট্টগ্রাম যেতে হচ্ছে। ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান এম তৌহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় ও এলজিইডির কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেছেন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, কয়েক বছর আগেও একবার সেতুটি ভেঙে যায়। তখন পুরোনো লোহার পাটাতন দিয়ে আবার সেতুটি নির্মাণ করা হয়। মজবুত না হওয়ায় আবারও তা ভেঙে গেছে।

সেতু ভাঙায় স্থানীয় কৃষক ও সবজিচাষিরা বিপাকে পড়েছেন। উপজেলার বিভিন্ন এলাকার উৎপাদিত বিভিন্ন সবজি ট্রাক-পিকআপ ভ্যানে করে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন হাটবাজারে নিয়ে যাওয়া হতো। এখন বিকল্প রাস্তা দিয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে গাড়ি যাওয়ার কারণে কৃষকদের পরিবহন খরচ অনেক বেড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় প্রথম আলোকে বলেন, সেতুটি দ্রুত মেরামত করার জন্য সওজের কাছে যন্ত্র চাওয়া হয়েছে। যন্ত্র পাওয়ার পর দ্রুত সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।