ফটিকছড়িতে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো নতুনপাড়া এলাকা থেকে সাফিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যা করার অভিযোগে তাঁর স্বামী মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও সাফিয়ার পরিবারের সদস্যরা জানান, ওই এলাকার বাসিন্দা মো. রফিকের মেয়ে সাফিয়ার সঙ্গে একই এলাকার মো. ইলিয়াছের বিয়ে হয় চার মাস আগে। বিয়ের সময় সাফিয়ার পরিবার ইলিয়াসকে ৫০ হাজার টাকা যৌতুক দিতে রাজি হয়। ৩০ হাজার টাকা বিয়ের দিন পরিশোধ করা হয় এবং বাকি ২০ হাজার টাকা পরে দেওয়া হবে বলে ঠিক হয়। বাকি টাকা সাফিয়ার পরিবার দিতে না পারায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।সাফিয়ার পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে ইলিয়াছ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল শুক্রবার সকালে সাফিয়ার লাশ ওই বাড়ির শৌচাগারের পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ইলিয়াছকে গ্রেপ্তার করে।সাফিয়ার বাবা অভিযোগ করেন, যৌতুকের টাকা না পাওয়ায় সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছেন ইলিয়াছ। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, সাফিয়াকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াছ স্বীকার করেছেন।