ফটিকছড়িতে হত্যার ঘটনা টাকা দিয়ে আপসরফা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরীকে হত্যার ঘটনা টাকা দিয়ে আপসরফার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি যেন থানায় না জানানো হয়, সে জন্য ১৫০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে ওই কিশোরীর স্বজনদের সই নেওয়া হয়েছে। আর এ কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।প্রত্যক্ষদর্শী ও কিশোরীর পরিবারের বিবরণ অনুযায়ী, মনোয়ারখীল গ্রামে গত ২৮ আগস্ট সীমানাপ্রাচীর নিয়ে মো. আলাউদ্দিনের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী রহিমের পরিবারের বাগিবতণ্ডা হয়। ঘটনাটি মীমাংসার সময় ধার্য করা হয় ১ সেপ্টেম্বর। কিন্তু নির্ধারিত সময়ের আগে আলাউদ্দিনকে গালাগাল করতে থাকে রহিমের পরিবারের সদস্যরা। আলাউদ্দিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানোর চেষ্টা করেন। কিন্তু এর আগেই রহিম, তাঁর ভাই আকাব্বর, শুক্কুর, বদি আলম ও বোন ফিরোজা বেগম লাঠিসোঁটা নিয়ে আলাউদ্দিনের পরিবারে সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে আলাউদ্দিনসহ দুই সহোদর সামান্য আহত হন। তাঁদের বোন শামসুন নাহার (১৫) মাথায় গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত শনিবার সকালে সে মারা যায়। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।শামছুন নাহারের দিনমজুর ভাই মো. মাইনুদ্দিন বলেন, ‘আমার বোনকে হত্যার ঘটনায় থানায় মামলা না করতে ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ও সদস্য শামশুল আলম আমাদের অনুরোধ করেন এবং ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। বিনিময়ে আমাদের হাতে অল্প কিছু টাকা দেওয়া হয়।’ইউপি চেয়ারম্যান মো. জানে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, শামছুন নাহারের পরিবারের অভাবের কথা ভেবে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা আদায় করে দেওয়ার চেষ্টা করেছি। এতে অসুবিধা হলে থানায় মামলা হতে পারে।’শামছুন নাহারের আরেক বড় ভাই মো. আলাউদ্দিন বলেন, এ ব্যাপারে ভূজপুর থানার ওসির কাছে নালিশ দিতে গেলে তিনি ধমকের সুরে বলেন, ‘শালা তুই তো বেশি চালাক। বেশি বুঝস। দেখি তুই কত বুঝতে পারস।’ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’অভিযুক্ত মো. রহিম এ-সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রথম আলোকে বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্য মিলে মীমাংসা করে দিয়েছেন।