ফটিকছড়িতে ৫০ গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা ঢলে লেলাং, তেলপারই, বালুখালী ও হালদা নদীর ভাঙনে অন্তত ৫০টি গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে রয়েছে।গত শনিবার রাত থেকে উপজেলার নাজিরহাট-কাজিরহাট, হেয়াঁকো-নারায়ণহাট, বিনাজুরী-বিবিরহাট এবং গতকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সরাসরি যোগাযোগ-ব্যবস্থা আংশিক বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে গেছে শতাধিক পাকা-কাঁচা রাস্তা ও অর্ধশতাধিক গ্রামের নিম্নাঞ্চলের ঘরবাড়ি। সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব জানান, আটটি গ্রাম প্লাবিত হয়ে ঢলের পানিতে বিচ্ছিন্ন হয়ে গেছে নাজিরহাট-কাজিরহাট সড়কের যোগাযোগ-ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে ১৫টি পরিবারে ঘরবাড়ি। দুই দিন ধরে ইউনিয়নের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী জানান, কুম্ভারপাড়া গ্রামের রশিদা পুকুর পাড়-সংলগ্ন এলাকায় হালদার পুরোনো ভাঙ্গন দিয়ে গতকাল সকাল থেকে পানি ঢোকায় পাঁচটি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জানান, ঢলে ২৫ কিলোমিটার পাকা-কাঁচা সড়ক বিধ্বস্ত হয়েছে। লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী জানান, লেলাং খালে সাতটি স্থানে ভাঙনের ফলে মেঠোপথের দশটি কালভার্ট বিধ্বস্ত হয়। জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হালিম জানান, তেলপারই খালে ভাঙনের ফলে তেলপারই গ্রামটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাঁচ কিলোমিটার সড়ক যোগাযোগ বিধ্বস্ত হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া আমনের ৫০০ একর জমি নষ্ট হয়ে গেছে।নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার জানান, ইউনিয়নের এক-তৃতীয়াংশ পানিতে এখনো নিমজ্জিত। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খুরশিদুল আলম চৌধুরী বলেন, অন্তত ২০টি বিদ্যালয়ে যাতায়াতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হতে পারেনি।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা থাকলেও পানির কারণে গতকাল সাতটি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সময় বিদ্যালয়গুলোর পরীক্ষা সম্পন্ন করা হবে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার অর্ধশতাধিক গ্রামের নিম্নাঞ্চল। এতে অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের সর্বাত্মক সহায়তা দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।