ফটিকছড়ির এবিসি সড়ক বেহাল, জনদুর্ভোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এবিসি সড়ক খানাখন্দে ভরা। সড়কের কিছু কিছু স্থান এমনই বেহাল যে সেখানে গাড়ি চলাচলে সমস্যা হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯৭৯ সালে সড়কটির ২ দশমিক ৫৫ কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়। সর্বশেষ ১৯৮২ সালে সড়কটি সংস্কার করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি।দৌলতপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, গত বছরের বন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।এবিসি সড়ক দিয়ে উপজেলার শাহনগর, লেলাং, দৌলতপুর, কুম্ভারপাড়া, পানারখীল, নয়াহাট, বাবুনগর ও সন্ন্যাসীরহাট এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করে।নাজিরহাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী পারভিন আকতার জানান, তাঁর বাড়ি ফকিরহাট এলাকায়। তিনি এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করেন। সড়কের করুণ দশার কারণে তিনি মাত্র তিন দিন কলেজে যান।দৌলতপুর গুলতাজ মোমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বলেন, সড়ক বেহাল হওয়ায় কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের যাতায়াতের ব্যয়ও বেড়ে গেছে।কুম্ভারপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল্লাহ বলেন, একটি এলাকার উন্নয়নের পূর্বশর্ত হলো সড়ক যোগাযোগ। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের কুম্ভারপাড়া এলাকা থেকে দৌলতপুর পর্যন্ত দেড় কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ।উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটি এলাকাবাসীকে চরমভাবে ভোগাচ্ছে। এটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, এবিসি সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।