ফটিকছড়ির কয়েকটি ইউনিয়নে বৈষম্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির কয়েকটি ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। এই সমিতির দুটি উপকেন্দ্র থেকে নয়টি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে একটি সঞ্চালন লাইনের অধীন ওই ইউনিয়নগুলোতে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের এই অভিযোগ ওঠে।ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতির নয়টি সঞ্চালন লাইনের মধ্যে ফটিকছড়ি উপকেন্দ্র পাঁচটি ও আজাদী বাজার উপকেন্দ্র চারটি লাইন নিয়ন্ত্রণ করে। পাঁচ নম্বর সঞ্চালন লাইনের অধীন নাজিরহাট, সুয়াবিল, বৈদ্যারহাট, চুরখাঁহাট, উদালিয়া চা-বাগান, বারমাসিয়া চা-বাগান, পূর্ব-ফরহাদাবাদ, পূর্ব-মন্দাকিনী ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম রয়েছে। এ লাইনে বিদ্যুৎ সরবরাহে চরম বৈষম্য করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, পাঁচ নম্বর লাইনের আওতায় উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট একটি স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা খাদ্যগুদাম, বিজাগার, দুটি রেলস্টেশন, একটি কলেজ, একটি স্কুল অ্যান্ড কলেজ, সাতটি মাদ্রাসা, ১১টি উচ্চবিদ্যালয়, ছয়টি কিন্ডারগার্টেন, দুটি চা-বাগান এবং অন্তত ১০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান আছে। অথচ এই লাইনে ফটিকছড়ি সদরসহ অন্যান্য সঞ্চালন লাইনের চেয়ে অনেক কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ অবস্থা চলছে বছরের পর বছর। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ির উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শংকর দাশ নাজিরহাট সঞ্চালন লাইনে (পাঁচ নম্বর সঞ্চালন লাইন) কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকার করে বলেন, লাইনটি চালু করতে বিদ্যুতের বেশি লোডের প্রয়োজন হয়। তাই ওই এলাকার গ্রাহকেরা কিছুটা কম বিদ্যুৎ পাচ্ছেন। আর ফটিকছড়ি উপজেলা সদর হওয়ায় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে সেখানে বেশি বিদ্যুৎ দিতে হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সাখাওয়াত হোসেন বলেন, এ উপজেলার দুটি উপকেন্দ্রের নয়টি সঞ্চালন লাইনে ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মেগাওয়াট। নাজিরহাট সঞ্চালন লাইনটিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ ও কলকারখানা থাকায় লাইনটি চালু করতেই প্রয়োজন হয় কমপক্ষে তিন মেগাওয়াট। বরাদ্দের অভাবে ওই লাইনে অনেক সময় বিদ্যুৎ দেওয়া যায় না।