ফটিকছড়ির কয়েকটি সড়কে গর্ত, ভোগান্তি
এক মাসের মাথায় আবারও বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাতায়াতের প্রধান কয়েকটি সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। কোনো অংশে যানবাহন চলাচল বন্ধও রয়েছে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে লোকজন। সড়কগুলো হচ্ছে নাজিরহাট-কাজিরহাট, মাইজভান্ডার-বিনাজুরী, নানুপুর-আজাদি বাজার, শাহনগর-চৌমুহনী, বৃন্দাবনহাট-যুগিনীঘাটা ও কাজিরহাট-মীর্জারহাট সড়ক। সরেজমিনে দেখা যায়, ১৭ কিলোমিটারের নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল ইউনিয়নের কলেজসংলগ্ন এলাকা, টেকেরদোকান, চুরখাহাট, পরিষদের সামনে, হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের সেতুসংলগ্ন, রাঙ্গাপানি চা-বাগানের সংযোগস্থল, নয়াহাট, ভুজপুর ইউনিয়নের লম্বাটিলা এলাকায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দেড় কিলোমিটারের মাইজভান্ডার-বিনাজুরী সড়কের মান্নানিয়া, কুমারপাড়া এলাকায় বিশালাকারের ভাঙনের কারণে যানচলাচল এক প্রকার বন্ধ রয়েছে। ছয় কিলোমিটারের নানুপুর-আজাদি বাজার সড়কের হিন্দুপাড়ার সামনে, চারাবটতল, দিঘীরপাড় এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে দেবে গেছে। এসব স্থানে সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় অনেক গর্তের। শাহনগর-চৌমুহনী সড়কে হাঁটুপানিতে রাস্তা পার হওয়ায় দেবে যায়। বৃন্দাবনহাট-যুগিনীঘাটা সড়কের অবস্থাও বেহাল। কাজিরহাট-মীর্জারহাট সড়কটি আগে থেকেই খানাখন্দে ভরা ছিল। এতে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। স্থানীয় বাসিন্দা নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, সড়কের কিছু স্থানে এখন গাড়ি চলাচল একপ্রকার বন্ধ আছে। সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল আজম বলেন, ‘সড়কগুলো সংস্কারের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কয়েকবার বলেছি। বর্তমানে বন্যা ও বর্ষণে সড়কগুলো আরও ভেঙে পড়েছে।’উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, সড়কগুলো সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবারও আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মো. শফিউল্লাহ খান জানান, সড়কগুলো কিছুদিন আগে একবার সংস্কার করা হয়েছিল। আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করে সংস্কার করা হবে।