ফটিকছড়ির চা-বাগানের ৭৪ জন নিখোঁজ!
চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা-বাগানের ৪৩ শ্রমিকসহ ৭৪ জন পাঁচ দিন ধরে নিখোঁজ। একটি সমাবেশে অংশ নেওয়ার কথা বলে কয়েকজন পাহাড়ি গত শুক্রবার সকালে কয়েকটি গাড়িতে করে তাদের ওই বাগান থেকে নিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে, সবাইকে ‘জিম্মি’ করা হয়েছে। বাগানের এক নারী শ্রমিক (ক্ষুদ্র জাতিসত্তা) সপ্তাহখানেক আগে এক বাঙালি শ্রমিককে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে পাহাড়ের কোনো গোষ্ঠী এ কাজ করেছে বলে বাগান কর্তৃপক্ষ ধারণা করছে।
গতকাল বুধবার পর্যন্ত ওই ৭৪ জনের খোঁজ পাওয়া যায়নি। তাঁরা সবাই ক্ষুদ্র জাতিসত্তার সদস্য। ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারখীল এলাকায় চা-বাগানটির অবস্থান। নাম নাছেহা চা-বাগান। ফটিকছড়ির সীমানার পাশেই খাগড়াছড়ির রামগড় উপজেলা। সেখানাকার কোনো পাহাড়ি এলাকায় সবাইকে নিয়ে যাওয়া হয়েছে বলে বাগানের অন্য শ্রমিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাহাড়ি একটি গোষ্ঠীর কয়েকজন নেতার সঙ্গে তিনি ফোনে বিষয়টি নিয়ে কথা বলেছেন। মেয়েটিকে তাঁদের কাছে হস্তান্তর না করা পর্যন্ত শ্রমিকদের ফেরত দেওয়া হবে না বলে তাঁকে জানিয়েছেন তাঁরা। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফটিকছড়ির হেঁয়াকো ক্যাম্প এবং রামগড়ের পাতাছড়া ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি জানানো হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ির হেঁয়াকো বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁরা চা-বাগানটি পরিদর্শন করেছেন। প্রেমঘটিত বিয়ের বিষয় নিয়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিষয়টি দ্রুত সুরাহা করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাগানে ১৪৫ জন শ্রমিক কাজ করেন বলে জানান ব্যবস্থাপক মো. মনির হায়দার। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ৭৪ জনের মধ্যে ৩১ জন শ্রমিক পরিবারের সদস্য। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
সোনারখীল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, ৭৪ জনের মধ্যে বিদ্যালয়ের চার শিক্ষার্থীও রয়েছে।
এদিকে এ ঘটনায় বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কয়েকজন শ্রমিক বলেন, ফটিকছড়ির বিভিন্ন চা-বাগানে সন্ত্রাসীরা প্রায়ই এসে হুমকি দেয়। তারা বলে, যে দুজন কিছুদিন আগে বিয়ে করেছেন তাঁরা বাগান ছেড়ে পালিয়েছেন। যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের মধ্যে ওই নারী শ্রমিকের বাবা, মা ও ভাইবোন রয়েছেন।
এ বিষয়ে দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি।