ফটিকছড়ির যুবক রাউজানে খুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক যুবক খুন হয়েছেন পার্শ্ববর্তী উপজেলা রাউজানে। গত সোমবার রাতে উপজেলার নোয়াজিশপুর গ্রামের নির্জন এলাকা থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম মো. মঈনুদ্দিন (২৮)। তিনি ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মো. জাগির হোসেনের ছেলে। পেশায় একজন সিএনজি অটোরিকশার চালক।
স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ১০টার দিকে নিহত মঈনুদ্দিন যাত্রী নিয়ে ফটিকছড়ি থেকে রাউজান উপজেলার নোয়াজিশপুর হয়ে চিকাদাইর এলাকায় যাচ্ছিলেন।
লোকজনের ধারণা, পথেই নির্জন এলাকা ইছসুফের দীঘি নামক স্থানের একটি ব্রিজের পাশে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এতে মঈনুদ্দিন গুরুতর আহত হয়। খবর পেয়ে রাউজানের চিকদাইর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাঁকে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতিতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. সাহাবুদ্দিন রকি বলেন, ‘মঈনুদ্দিন দেড় বছর আগে আরব আমিরাত থেকে ফিরেছে। সেখানে মো. এমদাদ উল্লাহ নামের এক প্রতিবেশীর ইলেকট্রনিকসের দোকানে চাকরি করত সে। বেতন-ভাতা পাওনা নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল। সেই সূত্রে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হতে পারে।’
চিকদাইর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সৈয়দুল আলম বলেন, লাশের মাথায় এবং ডান পায়ের পাতায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশেই ছিল নাজিবা এক্সপ্রেস নামের একটি সিএনজি অটোরিকশা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ছিনতাই বা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।