ফটিকছড়ির সুয়াবিল ইউপির নির্বাচনের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও চেয়ারম্যান-সদস্য পদপ্রার্থীরা। আগামী এক মাসের মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। ইউনিয়নবাসীর পক্ষ থেকে দাবি আদায়ে গতকাল সোমবার বিক্ষোভ ও মানববন্ধন করে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে আরও কয়েকটি ইউনিয়নের পাশাপাশি দৌলতপুর-সুয়াবিল ইউনিয়ন নিয়ে নাজিরহাট পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সুয়াবিলের লোকজন এ সিদ্ধান্ত মেনে না নিয়ে উচ্চ আদালতে ‘পৌরসভা চাই না’ মর্মে লিখিত আবেদন করে। লোকজনের পক্ষে সুয়াবিলের প্রকৌশলী এম এ হায়াত আবেদনটি করেন। পাশাপাশি ইউনিয়নবাসী তাদের আন্দোলনও চালিয়ে যেতে থাকে।গতকাল প্রকৌশলী হায়াত বলেন, ‘২০০৩ সাল থেকে সুয়াবিল ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করে আসছেন। অথচ প্রশাসনিকভাবে ইউনিয়নটি না করায় এখানকার জনগণ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। এখানে কোনো ভালো রাস্তাঘাট পর্যন্ত নেই। আমরা পৌরসভা নয়, অনতিবিলম্বে ইউপি নির্বাচন চাই।’সুয়াবিলের চিকিৎসক বিপুল চন্দ্র রায় বলেন, অনুন্নত এ এলাকাকে পৌরসভায় উন্নীত করা হলে এলাকার খেটে খাওয়া মানুষ সরকারকে নানা রকম কর দিতে বাধ্য হবে। এটা তাদের জন্য বাড়তি চাপ হবে।স্থানীয় আলী আকবর বলেন, আগামী এক মাসের মধ্যে এখানে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহছেন তালুকদার, মো. হামেদ, মো. আলী আকবর, মো. শাহজান প্রমুখ।