ফটিকছড়ির সেই পাহাড় কাটা বন্ধ করেছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা-বাগানের অভ্যন্তরের সেই পাহাড় কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে পাহাড় কাটা বন্ধ করে সেখানে লাল পতাকা পুঁতে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সংবাদের সত্যতা যাচাই করতে সেখানে ভূমি কর্মকর্তাদের পাঠানো হয়। তাঁরা সত্যতা নিশ্চিত করে পাহাড় কাটা বন্ধ করে দেন।
রাঙ্গাপানি চা-বাগানের ব্যবস্থাপক সুখেন্দু শেখর রায় বলেন, নার্সারি এবং কারখানার নিজস্ব কাজের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। উপজেলা প্রশাসনের লোকজন এসে মাটি কাটা বন্ধ করার নির্দেশের পর আর মাটি কাটা হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলাম বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ অন্যায়। বাগান কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরসহ কারও কাছ থেকে অনুমতি ছাড়া তারা পাহাড় কেটেছে। তাদের বিরুদ্ধে পাহাড় কাটা আইনে মামলা করা হবে। গতকাল ‘ফটিকছড়িতে অনুমতি ছাড়া চলছে পাহাড় কাটা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।