ফটিকছড়ির ৫১টি কিন্ডারগার্টেনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে না দেওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ির ৫১টি কিন্ডারগার্টেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে গতকাল রোববার বিকেলে এ নোটিশ দেওয়া হয়।
১ জানুয়ারি সারা দেশে বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ফটিকছড়ির কিন্ডারগার্টেনগুলো কেন বই উৎসব পালন করেনি, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব ফটিকছড়ির (ক্যাফ) ৫১টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা গত শনিবার পর্যন্ত বই হাতে পায়নি। অথচ বিদ্যালয়গুলোকে ৩১ ডিসেম্বরের আগেই বই বুঝিয়ে দেওয়া হয়। তখন প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়েছিল, বই উৎসব পালন করা সবার জন্য বাধ্যতামূলক।
নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ক্যাফের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলমগীর প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের ভুল হয়েছে। শিগগিরই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।’
ক্যাফের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের সব সুবিধা নিয়ে কিন্ডারগার্টেনগুলো বই উৎসব পালন না করে গর্হিত কাজ করেছে। এ জন্য সংগঠনের নেতাদের সমন্বয়হীনতাই দায়ী।
উপজেলার দৌলতপুর নিউমুন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এস এম ফসিউদ্দৌলাহ বলেন, ‘আমরা কাছের কয়েকটি বিদ্যালয়ে বই বিতরণের চেষ্টা করেছিলাম। তবে ক্যাফের সিদ্ধান্ত অমান্য করিনি।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলোয় এ নিয়ে গতকাল প্রতিবেদন প্রকাশের পর বিষয়টির সত্যতা পাওয়া যায়। কেন উৎসব পালন করা হয়নি, তা জানতে চেয়ে কিন্ডারগার্টেনগুলোকে কারণ দর্শানো নোটিশ পাঠাতে নির্দেশ দেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, যুক্তিসংগত জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।