ফটোসাংবাদিক আজিজুর রহীম চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদ-এর সম্পাদক ও বিশিষ্ট ফটোসাংবাদিক আজিজুর রহীম পিউ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোররাতে রাজধানীর শংকর এলাকার বাসায় হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতিমান এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে ফটোসাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হলো। গতকাল বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেন তাঁর কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক নেতা এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত বোন ও ভগ্নিপতি দেশে ফিরলে মরদেহ দাফন করা হবে। উল্লেখ্য, তাঁর ভগ্নিপতি প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনিও গতকাল শোক প্রকাশ করেছেন।
১৯৮৮ সালে দৈনিক ইত্তেফাক-এ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেওয়ার পর দুই দশক সেখানে কাজ করেন পিউ। সর্বশেষ তিনি দৈনিক অবজারভারের ফটো এডিটর হিসেবে কর্মরত ছিলেন। পাঠশালার খণ্ডকালীন শিক্ষক ছিলেন। আলোকচিত্রের জন্য দেশে-বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। প্রকাশিত গ্রন্থ ‘ছবি: আলোর ভাষা’।
আজিজুর রহীম জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এসব সংগঠনের পক্ষ থেকে গতকাল গভীর শোক প্রকাশ করা ছাড়াও তাঁর কফিনে ফুল দেওয়া হয়। গতকাল আরও শোক প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ।
আজিজুর রহীম ১৯৬৪ সালে রংপুর শহরের গুপ্তপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা সাইদুর রহিম ও মা মরহুমা তাসলিমা বেগম।