ফটোসাংবাদিক জিয়ার অবস্থা অপরিবর্তিত

সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের অবস্থা অপরিবর্তিত আছে বলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন তাঁরা।
চিকিৎসকেরা বলেছেন, জিয়া ইসলামের শরীরের তাপমাত্রা স্বাভাবিক। রক্তচাপ স্বাভাবিক। তাঁর একটি চোখে সাড়া পাওয়া যাচ্ছে। তবে সার্বিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না, তা বুঝতে হলে অস্ত্রোপচারের পর থেকে কমপক্ষে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর জিয়া অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানান, তাঁর একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে।
এ ঘটনায় গতকাল কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। এই মামলায় কল্যাণ কোরাইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্যাণ বিজ্ঞাপনের মডেল ও অভিনয় পেশার সঙ্গে যুক্ত।
প্রায় দুই দশকের সাংবাদিকতা জীবনে বহুবার হামলা ও দুর্ঘটনায় শিকার হয়েছেন জিয়া ইসলাম। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনাতেও তিনি আহত হয়েছিলেন। আহত হলেও তিনি ক্যামেরা ছাড়েননি। ২১ আগস্ট হামলার বহুল প্রচারিত ছবিগুলোর বেশির ভাগই জিয়া ইসলামের তোলা।
আরও পড়ুন :