ফটোগ্রাফারদের সঙ্গে ফটোসাংবাদিকদের তুলনা হয় না: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একজন ফটোসাংবাদিক ঘটনার খুব কাছে থেকে বস্তুনিষ্ঠভাবে কাজ করেন। ফটোগ্রাফারদের সঙ্গে ফটোসাংবাদিকদের কোনো তুলনা করা যায় না। ফটোসাংবাদিকেরা সাহসী। তাঁদের একটি ছবির মাধ্যমে পাঠকেরা যেভাবে বিষয়বস্তু পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারেন, অন্য কোনো মাধ্যমে তা পারেন না।
গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তুলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মিছিল, সমাবেশ এমনকি মিছিলে মাথার মগজ বেরিয়ে যাওয়ার মতো মর্মান্তিক দৃশ্য এবং একাত্তরের বীভৎসতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ফটোসাংবাদিকেরা।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক এ এইচ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে সাবেক স্থায়ী কমিটির প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানের একটি পর্বে অর্থমন্ত্রীকে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাবেক সভাপতি ইকবাল মনসুর।